নাসিম রুমি: ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার ছেলে অর্জুন টেন্ডুলকার ও পুত্রবধূ সানিয়া চাধকের বিয়ের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য দেখা করেছেন।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে শচীনের সঙ্গে তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার, কন্যা সারা টেন্ডুলকার এবং হবু বর অর্জুন টেন্ডুলকার উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি শেয়ার করে শচীন লিখেছেন, অর্জুন ও সানিয়ার বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সম্মানিত। তরুণ এই দম্পতিকে আশীর্বাদ এবং মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য মোদীজিকে অনেক ধন্যবাদ।
আগামী তিন মার্চ থেকে অর্জুন ও সানিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৫ মার্চ মূল বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৫ সালের আগস্টে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল।
অর্জুনের হবু স্ত্রী সানিয়া চাধক একজন সফল উদ্যোক্তা এবং মুম্বাইয়ের প্রভাবশালী পরিবারের সন্তান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। দীর্ঘ দিন ধরেই তিনি টেন্ডুলকার পরিবারের ঘনিষ্ঠভাবে পরিচিত।
কিংবদন্তি পিতার উত্তরসূরি হিসেবে অর্জুন টেন্ডুলকার ঘরোয়া ক্রিকেটে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। মুম্বাই থেকে গোয়ার দলে যোগ দিয়ে তিনি একজন কার্যকর বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২২ সালে গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই শতরান করে তিনি ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছিলেন, যা তার বাবার অভিষেক সেঞ্চুরির স্মৃতি মনে করিয়ে দেয়।
আইপিএলে এতদিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও আসন্ন মৌসুমে তাকে লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে। বাঁ-হাতি এই ফাস্ট বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে অর্জুনের ওপর এবার বাড়তি নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
