ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে ইরান যুদ্ধ ও তেল সংকট ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কার্যত দুর্বল হয়ে পড়বে।
তিনি ন্যাটো দেশগুলোর উদ্দেশে বলেন, ‘তারা ইরানের মতো একটি পারমাণবিক শক্তিধর থামানোর লড়াইয়ে যোগ দেয়নি।’
ট্রাম্প আরও বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ন্যাটো দেশগুলো এখন তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে। অথচ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তারা সামরিক সহায়তা দিতে এগিয়ে আসছে না।
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসা তাদের জন্য খুব সহজ ও ঝুঁকিও কম। কিন্তু তারা কাপুরুষোচিত আচরণ করেছে। আমরা এটা মনে রাখব।’
বিশ্বের জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল। যার মাধ্যমে ন্যাটো জোটের ভেতরের মতপার্থক্যও আরও স্পষ্ট হলো।
