যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সরকারি কর্মকর্তা অ্যালেক্স সাবকে। শনিবার ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা সাইমে (এসএআইএমই) বিষয়টি নিশ্চিত করে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের তথ্যে জানা যায়, গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে সাব গ্রেপ্তার হন। এর ঠিক এক মাস আগে কারাকাসেই মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন নিকোলা মাদুরো।
অ্যালেক্স সাবের গ্রেপ্তার ও ফেরত পাঠানোর ঘটনাকে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতার নতুন স্তর হিসেবে দেখা হচ্ছে। বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের অধীনে দুই দেশের মধ্যে এমন সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। উল্লেখযোগ্য, দেলসি আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ৫৪ বছর বয়সী অ্যালেক্স সাব এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে গ্রেপ্তার হন। তখন ঘুষ গ্রহণের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে বন্দী রাখা হয়। পরে ২০২৩ সালে ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে একটি বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবকে বিশেষ ক্ষমায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে জোরালো করতে মার্কিন কর্তৃপক্ষকে অ্যালেক্স সাব গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন।
উল্লেখ্য, মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে গত জানুয়ারিতে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তবে তারা দুজনই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তবে অ্যালেক্স সাবের আইনজীবী লুইজি জিউলিয়ানোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
