প্রায় তিন দশক আগের একটি বিমান ভূপাতিতের ঘটনায় কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ বলছে, ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বেসরকারি বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে এই মামলা করা হয়েছে।
বুধবার প্রকাশ্যে আনা অভিযোগপত্রে কাস্ত্রো ছাড়াও আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় বলা হয়েছে, ওই ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ মোট চারজন নিহত হন। নিহতরা কিউবান-আমেরিকান সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’–এর সঙ্গে যুক্ত ছিলেন।
তৎকালীন সময়ে রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। বিমান ভূপাতিতের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কিউবা। বর্তমানে কাস্ত্রোর বয়স প্রায় ৯৫ বছর।
মিয়ামির ফ্রিডম টাওয়ারে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চে ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র কাস্ত্রোর বিরুদ্ধে বিমান ধ্বংস এবং আরমান্দো আলেহান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কস্তা, মারিও মানুয়েল দে লা পেনিয়া ও পাবলো মোরালেসের মৃত্যুর ঘটনায় পৃথক চারটি হত্যার অভিযোগও আনবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাদের নাগরিকদের ভুলে যাননি এবং কখনো ভুলবেনও না।’
অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার ভাষ্য, কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়াতেই ‘ভিত্তিহীন’ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আনা নতুন এই অভিযোগগুলো এমন এক সময় কিউবার কমিউনিস্ট নেতৃত্বের একজন প্রধান ব্যক্তিত্বকে নিশানা করেছে, যখন কিউবা তার একদলীয় শাসন ব্যবস্থায় বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার আনার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখোমুখি হচ্ছে।
