সরকারবিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, গ্রেফতার ১৩

- Advertisements -

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। দুর্নীতির অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার রাতে আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মলোটভ ককটেল ও ফ্লেয়ার নিক্ষেপ করে। পরে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে জবাব দেয়। পরে তিরানার পার্লামেন্ট ভবনের কাছেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন ও ঘটনাস্থল থেকে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আহতরা পুলিশ, বিক্ষোভকারী নাকি উভয় পক্ষের- তা নিয়ে ভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে আলবেনিয়ায় বিরোধী দলের ডাকা একের পর এক সরকারবিরোধী বিক্ষোভের সর্বশেষটি হলো মঙ্গলবারের এই সহিংস প্রতিবাদ।

দেশটিতে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত গত নভেম্বর থেকে, যখন প্রসিকিউটররা অভিযোগ তোলেন যে আলবেনিয়ার উপ-প্রধানমন্ত্রী ও জ্বালানি-অবকাঠাম্যমন্ত্রী বেলিন্ডা বাল্লুকু সরকারি নির্মাণকাজের দরপত্র প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন। অভিযোগের পর মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হলেও পরের মাসে প্রধানমন্ত্রীর অনুরোধে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

এখন বিক্ষোভকারীরা রামা ও বাল্লুকু- উভয়ের পদত্যাগ চান। তারা আরও দাবি করছেন, বাল্লুকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংসদ যেন তার বিশেষ আইনি সুরক্ষা স্থগিত করে।

মঙ্গলবারের বিক্ষোভে পুলিশ মোতায়েন ছিল এক হাজার ৩০০ জনেরও বেশি। এর মাত্র দুই সপ্তাহ আগেই তিরানায় আরেকটি সহিংস বিক্ষোভ ঘটে।

উভয় বিক্ষোভের ডাক দেন বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সালি বেরিশা। মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, এসব বিক্ষোভ দেখাচ্ছে যে আলবেনিয়ায় একটি ‘শান্তিপূর্ণ গণঅভ্যুত্থান’ শুরু হয়েছে। তবে বেরিশাও অতীতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pwkh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন