পবিত্র শবে বরাতকে গুনাহ মাফের এবং ভাগ্য নির্ধারণের রাত হিসেবে গণ্য করা হয়, তাই আনন্দ ও কৃতজ্ঞতাস্বরূপ মানুষ মিষ্টি জাতীয় খাবার বা হালুয়া তৈরি শুরু করে। এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ তার সঙ্গে শিরককারী ও হিংসুক ছাড়া সব সৃষ্টিকে ক্ষমা করেন।
এই রাতে ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়ারও প্রচলন রয়েছে অনেকের মাঝে।
চলুন জেনে নেই কয়েকটি নানা পদের হালুয়ার রেসিপি-
বুটের হালুয়া-
উপকরণ: বুটের ডাল ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস, ঘি ১ কাপ, হলুদ রং সামান্য, তেজপাতা ২ পিস, পেস্তাবাদামকুচি ১ টেবিল চামচ।
প্রণালি: বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে পানি বেশি দিয়ে সেদ্ধ হওয়ার পর ডাল মিহি করে বেটে নিন। কড়াইতে ঘি, চিনি, এলাচি, দারুচিনি, বুটের ডাল বাটা ও তেজপাতা দিয়ে নেড়ে রেখে দিন ১ থেকে ২ ঘণ্টা। পরে চুলায় কড়াই বসিয়ে রান্না করুন। হালুয়া ঘন হয়ে এলে এলাচি, দারুচিনি ও তেজপাতা ফেলে দিন। নাড়তে নাড়তে কড়াই থেকে হালুয়া ছেড়ে এলে নামিয়ে নিন। এবার হাতে ঘি মাখিয়ে বুটের মতো আকার দিলে তৈরি হয়ে যাবে বুটের ডালের হালুয়া।
সুজির হালুয়া-
উপকরণ: সুজি ২ কাপ। চিনি ২ কাপ (কমও দিতে পারেন)। দারুচিনি ২ টুকরা। এলাচ ২,৩টি। তেজপাতা ১টি। তেল ও ঘি মিলিয়ে ১ কাপ। পেস্তা ও কাঠ বাদাম ৮ থেকে ১০টি। কিসমিস ৮ থেকে ১০টি। কমলা খাবার রং সামান্য। গরম পানি পরিমাণ মতো।
প্রণালি:
প্রথমে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল ও ঘি দিয়ে সুজি বাদামি করে ভেজে নিন। এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও চিনি দিয়ে মিশিয়ে নেড়েচেড়ে গরম পানি যোগ করে ঘন ঘন নেড়ে হালুয়া তৈরি করে নিন।
এবার অর্ধেক হালুয়া অন্য একটি পাত্রে নিয়ে রং মেশান। কিছু বাদাম গুঁড়া করে ও কিসমিস দিয়ে মাখিয়ে রঙিন হালুয়া নামিয়ে নিন। একটি থালায় সামান্য ঘি মেখে প্রথমে সাদা সুজির হালুয়া ঢেলে সমান করে বিছিয়ে এর ওপরে কমলা রংয়ের হালুয়া ঢেলে বিছিয়ে দিন। ঠাণ্ডা হলে বরফি বা চৌক করে কেটে পরিবেশন করুন।
গাজরের হালুয়া-
উপকরণ: গাজর-দেড় কেজি (কুচি বা গ্রেট করা), চিনি- দুই কাপ, দুধ- ২ লিটার, এলাচ- ৩/৪ টা, দারচিনি- ২/৩ টা, কাজুবাদাম- ১০-১২টা, ঘি- ৩-৪ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। গ্রেট করা গাজর দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মধ্যম আঁচে চুলায় নাড়তে থাকুন যতক্ষণ না গাজর নরম হয়। এবার চিনি, এলাচ, দারচিনি দিয়ে আস্তে আস্তে নাড়ুন। দুধ শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে আসলে অল্প আঁচে ঘি দিয়ে একবার নেড়ে দিন।
হালুয়া পাত্রের সাইডে যখন আর লাগবেনা আর সোনালি বাদামি রং হবে তখন নামিয়ে নিয়ে কাজু বাদাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
বাদামের হালুয়া-
উপকরণ: কাজু বাদাম- ২ কাপ, ছানা- ২ কাপ, চিনি- ২ কাপ, এলাচ গুঁড়া- সামান্য, ঘি- আধা কাপ, ময়দা- ১ টেবিল চামচ, কিশমিশ- ১ টেবিল চামচ, সাজানোর জন্য- কাজু ও পেস্তা।
প্রণালি: বাদাম হালকা করে ভেজে নিন। এরপর পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। এরপর পানি ফেলে দিয়ে বাদাম ব্লেন্ড করে নিন। চুলায় প্যান বসিয়ে তাতে ঘি দিন। এরপর তাতে দিন কাজু বাদাম ও ছানা। ভালোভাবে নেড়েচেড়ে চিনি দিন। এরপর মেশান ময়দা ও এলাচ গুঁড়া। হালুয়া প্যানের গা ছেড়ে এলে নামিয়ে আগে থেকে ঘি মেখে রাখা প্লেটে ঢেলে নিন। এরপর হাত দিয়ে চেপে সমান করে পছন্দমতো আকৃতিতে কেটে নিন। উপরে কিশমিশ, কাজু ও পেস্তা দিয়ে সাজিয়ে নিতে পারেন।
