সারাদিন রোজা রাখার পর শরীরের হারানো শক্তি ফিরে পেতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ভাজাপোড়া খেয়ে পেট ভার না করে ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের খোঁজ করছেন অনেকেই। পুষ্টিবিদদের মতে, রমজানে শরীর ঠাণ্ডা রাখতে এবং তাৎক্ষণিক শক্তি জোগাতে ‘দই-চিড়া’ হতে পারে সেরা বিকল্প।
কেন খাবেন দই-চিড়া?
দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে যে পানিশূন্যতা ও দুর্বলতা তৈরি হয়, তা দূর করতে দই-চিড়া দারুণ কার্যকর।এটি হজমে সহায়তা করে এবং পেট ঠাণ্ডা রাখে।
তৈরির উপকরণ (৪ জনের জন্য):
চিড়া: ১৫০ গ্রাম
মিষ্টি দই: ২ কাপ
কলা: ৫টি
লবণ: স্বাদমতো
পানি: আধা কাপ
প্রস্তুত প্রণালী:
প্রথমে চিড়া ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে রাখুন। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার চিড়ার সঙ্গে দই, কলা, লবণ ও পানি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন।
ইফতারের অন্তত ২০ মিনিট আগে তৈরি করে মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা ঠাণ্ডা দই-চিড়া পরিবেশন করুন ইফতারে।
বিশেষ পরামর্শ
যাদের ডায়াবেটিস আছে, তারা মিষ্টি দইয়ের বদলে টক দই ব্যবহার করতে পারেন। আবার হাতের কাছে দই না থাকলে দুধ দিয়েও একইভাবে এই খাবারটি তৈরি করা সম্ভব।
