ঈদের ছুটিতে অনেকেই বাড়ি গেছেন। কয়েকদিনের বদ্ধ ঘরে উটকো গন্ধ লক্ষ্য করা যায়। বাজারের এয়ার ফ্রেশনার ব্যবহারে নিমিষেই সেই গন্ধ থেকে মুক্তি মিলে। তবে অনেকের জন্য বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এয়ার ফ্রেশনার ঝুঁকিপূর্ণ। আবার যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদেরও বাজারের সুগন্ধি থেকে দূরে থাকা শ্রেয়। তাহলে উপায়? বলছি। রান্না ঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই ঘরের উটকো গন্ধ দূর করা যাবে।
লেবু-লবঙ্গ
একটি লেবু অর্ধেক করে কেটে তার ভেতরে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এটি আপনার ঘরে, রান্নাঘরে বা বাথরুমে রেখে দিন। লেবুর টক গন্ধ এবং লবঙ্গের তীব্র সুবাস একসঙ্গে কাজ করে একটি চমৎকার এয়ার ফ্রেশনার তৈরি করে।
কমলালেবুর খোসা
কমলালেবুর খোসা ফেলে না দিয়ে, সেগুলো ব্যবহার করুন। পানিতে কমলালেবুর খোসা ফুটিয়ে একটি প্রাকৃতিক সুগন্ধি দ্রবণ তৈরি করতে পারেন। এই পানি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। চারপাশে ছিটিয়ে দিন। এই খোসা রোদে শুকিয়ে, বেঁধে তাকের উপর রেখে দিন। দুর্গন্ধ দূর হবে।
দারুচিনি-লবঙ্গের পানি
একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে কয়েকটি দারুচিনি ও লবঙ্গ দিন। এই সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। বোঁটকা গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়।
বেকিং সোডা
বেকিং সোডা শুধু রান্নাতেই নয়, দুর্গন্ধ দূর করার জন্যও অত্যন্ত কার্যকর। ময়লার ঝুড়ি, জুতোর তাক বা অন্য যে কোনও জায়গায, দুর্গন্ধ হওয়ার প্রবণতা থাকে। দুর্গন্ধযুক্ত স্থানে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি দুর্গন্ধ শুষে নেবে।
কফি বিন
কফির গন্ধ কার না ভালো লাগে? আপনার বসার ঘর বা রান্নাঘরের একটি ছোট বাটিতে কিছু কফি বিন রাখুন। এতে চারপাশে এক মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়বে।
নিম পাতার ধোঁয়া
বাড়িতে মশা বা পোকামাকড়ের উপদ্রব এবং সঙ্গে হালকা দুর্গন্ধ থাকলে নিম পাতার ধোঁয়া দিন। এজন্য শুকনো নিম পাতা পুড়িয়ে তার ধোঁয়া বাড়ির চারপাশে দিন। এটি দুর্গন্ধ কমায় এবং বাতাসকেও শুদ্ধ করে।
