অদ্য ০৭/০২/২০২৬ইং, শনিবার সন্ধ্যায় বগুড়ায় যথাযথ মর্যাদা ও মানবিক আবহে পালিত হয়েছে নিরাপদ নিউজ অনলাইন নিউজ পোর্টালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ নিউজের সাব-এডিটর মোঃ রকিবুল ইসলাম সোহাগ। শুরু থেকেই পুরো আয়োজনজুড়ে ছিল দায়িত্বশীল সাংবাদিকতা, মানবিক মূল্যবোধ এবং কৃতজ্ঞতার আবেগঘন পরিবেশ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় নিরাপদ নিউজ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে অল্প সময়েই পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে এই অনলাইন নিউজ পোর্টাল। বক্তারা নিরাপদ নিউজের উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, “নিরাপদ নিউজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সব ধরনের সংবাদ পরিবেশন করে আসছে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা ও নিরাপদ সড়ক বিষয়ক সংবাদে এই পোর্টাল যে গুরুত্ব দিচ্ছে, তা প্রশংসার দাবিদার। ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’—এই স্লোগানকে ধারণ করেই নিরাপদ নিউজ দায়িত্বশীল সাংবাদিকতার পথে অটল রয়েছে।”
আলোচনা সভায় বিভিন্ন উপজেলা প্রতিনিধি তাঁদের বক্তব্যে নিরাপদ নিউজের সাহসী ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক চাই আন্দোলনের অগ্রদূত ও নিরাপদ নিউজের প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, প্রতি বছর নিরাপদ নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী নানা বর্ণাঢ্য আয়োজনে পালিত হলেও এ বছর প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চন অসুস্থ থাকায় কোনো আনুষ্ঠানিক উৎসব আয়োজন করা হয়নি। বরং তাঁর সুস্থতা কামনা, মানবিক কার্যক্রম ও দোয়ার মধ্য দিয়েই দিবসটি পালন করা হয়—যা এই সংবাদমাধ্যমের মানবিক দর্শনেরই প্রতিফলন।
উল্লেখ্য, নিরাপদনিউজ.কম বর্তমানে বাংলা ও ইংরেজি—দুটি ভার্সনে নিয়মিত প্রচারিত হচ্ছে। ইংরেজি ভার্সনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারিহা ফাতেহ, আর বাংলা ভার্সনের নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয়। বাংলা ভার্সনের সংবাদ বিভাগে দায়িত্বে রয়েছেন মোঃ রকিবুল ইসলাম সোহাগ।
১২ বছরের এই পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের ভালোবাসা ও সহযোগিতায় নিরাপদ নিউজ আজ একটি আস্থার নাম। ভবিষ্যতেও সত্য, মানবিকতা ও জনকল্যাণের পক্ষে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিরাপদ নিউজ পরিবার।
অনুষ্ঠানো আরো উপস্থিত ছিলেন, মহাস্থান প্রতিনিধি গোলামরব্বানী শিপন, নিসচা কর্মি জাহিদুল রহমান, শহিদুল ইসলাম, নুরআলাম প্রমুখ।
