বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক- এমডি পদে (অতিরিক্ত সচিব পদমর্যাদা) নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক বাছির জামাল।
মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।
সাংবাদিক বাছির জামাল বর্তমানে দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মো আবদুল বাছির ( বাছির জামাল)।
তিনি আমার দেশ ছাড়াও সংবাদ, মানবজমিন, মানবকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ সহ শীর্ষস্হানীয় কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। সাংবাদিকতার বেশির ভাগ সময় তিনি বিএনপি বিটে ও সংসদ বিটের সঙ্গে যুক্ত ছিলেন।
সিলেটের কৃতিসন্তান বাছির জামাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্য। জনাব বাছির জামাল নিসচা পরিবারেরও একজন সদস্য। তিনি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
নিসচা পরিবারের পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ বাছির জামালের এই নিয়োগে অভিনন্দন জানিয়েছেন।
