বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের অবহিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম (বরগুনা-২)। উপস্থিত ছিলেন মনোনীত হুইপরা— মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)।
সভায় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় তুলে ধরেন। সংসদীয় কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়নের ধাপ, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সচিবালয়ের প্রশাসনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংসদের শৃঙ্খলা রক্ষা এবং সংসদ সদস্যদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সংসদের কার্যক্রম গতিশীল করা এবং সংসদীয় রীতিনীতি যথাযথভাবে অনুসরণের লক্ষ্যেই এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।
