আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে।
রবিবার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ শুরুর আগেই আগামী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান সই করেছেন। চিঠিতে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত রয়েছে।
এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে গত বছর সাত দিনের পরিবর্তে তিন দিনে সীমিত আকারে পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়।
