সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ ‘এম.ভি. বাংলার জয়যাত্রা’-এর নাবিকদের প্রতি গভীর সহমর্মীতা ও সংহতি প্রকাশ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক নৌপথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনরত ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ভিডিও বার্তায় তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নাবিকদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
শেখ রবিউল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক নাবিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের বিএসসি সদরদপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে, যা জাহাজের নাবিকদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল সভা ও যোগাযোগ রক্ষা করছে। তাদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে স্থানীয় এজেন্ট এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রস্তুত রাখা হয়েছে।
কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থান করছে জাহাজ ‘এম.ভি. বাংলার জয়যাত্রা’। এটির নাবিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সংঘাতময় পরিস্থিতির মধ্যেও আপনারা যে ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের। জাতীয় অর্থনীতি সচল রাখতে আপনাদের এই অবদান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে।’
তিনি আশা করেন, সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে। মন্ত্রী নাবিকদের মনোবল অটুট রাখার আহ্বান জানান। একইসঙ্গে সরকার তাদের ও তাদের পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বলেও আশ্বস্ত করেন তিনি।
