পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

- Advertisements -

চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন।

কবরস্থানে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। পরে তিনি বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান এলাকায় আগেই নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা জোরদার করা হয়। জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলেন।

জিয়ারত শেষে রাষ্ট্রপতি স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি ও উপস্থিত সবার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন। এ সময় এলাকাবাসীর মধ্যেও রাষ্ট্রপতিকে একনজর দেখার আগ্রহ লক্ষ্য করা যায়।

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রবীণ স্কুলশিক্ষক মাসিদুর মজহার বলেন, অনেকদিন পর দূর থেকে ভাইকে (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে) দেখলাম। কাছের মানুষ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে ভালো লাগে। আশা করি, তিনি পাবনার জরুরি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন।

জিয়ারত শেষে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে ফিরে যান। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আর কোনো বিশেষ সরকারি বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে শনিবার (২৮ মার্চ) চারদিনের সরকারি সফরে পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরের শুরুতেই তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চারদিনের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a63v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন