মুষলধারে বৃষ্টির মধ্যেই সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাজারে প্রবেশ করেন।
মাজার জিয়ারত শেষে তিনি নগরের চাঁদনীঘাটে সিলেট সিটি করপোরেশনের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বেলা সোয়া ১১টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের সিলেট সফরে এসেছেন তারেক রহমান। সফরসূচি অনুসারে মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি। দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
