রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাভারের আমিন বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে যৌথ ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।
মঙ্গলবার (১৭ মার্চ) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণ এবং আইন অনুযায়ী মামলা প্রদান করা হয়। এতে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুদ্দিন ফালান এবং ট্রাফিক ইন্সপেক্টর বিমল সাহা।
নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন-এর নেতৃত্বে অংশগ্রহণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ, অর্থ সম্পাদক মির্জা মারুফ, দপ্তর সম্পাদক মির্জা সৈকত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংশ্লিষ্টরা জানান, সড়ক ও ফুটপাত দখল এবং অবৈধ পার্কিং যানজটের অন্যতম প্রধান কারণ। এসব অনিয়ম দূর করতে নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
নিসচা নেতৃবৃন্দ বলেন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
