আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পরিকল্পনা গ্রহণ এবং প্রতিষ্ঠাতার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা। গতকাল ৩ মার্চ মঙ্গলবার এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার হাইওয়ে থানা-র ওসি শাজাহান মিয়া, টিআই (এডমিন) রুহুল আমিন সোহেল, সাভার মডেল থানা-র ওসি আরমান আলী, সাভার নাগরিক কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক)-র সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার সিটিজেন ক্লাব-এর সভাপতি এম কে জামান ও সাধারণ সম্পাদক আলমগীর কবির, নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়া এবং আশুলিয়া শাখার সভাপতি জিএম মিন্টু। এছাড়াও নিসচা সাভার উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঈদকে ঘিরে সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণা, চালকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে নিসচার ভূমিকা প্রশংসনীয়।
ইফতার শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন-এর সুস্থতা কামনায় এবং মরহুমা জাহানারা কাঞ্চন-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, ঈদযাত্রা নিরাপদ করতে নিসচা সাভার উপজেলা শাখা মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
