শাহাদাৎ হোসেন সরকার: যানজট নিরসন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আশুলিয়া থানা শাখার উদ্যোগে মাসব্যাপী বিশেষ কাউন্সিল ও সড়ক নিরাপদ কর্মসূচি শুরু হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আশুলিয়া থানা শাখা কমিটির সভাপতি জি এম মিন্টুর ব্যক্তিগত উদ্যোগ ও তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
রবিবার (৮ মার্চ ) আশুলিয়ার পল্লিবিদ্যুত সহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই আয়োজনের লক্ষ্য হিসেবে আয়োজকরা জানান, শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর ভরসা না করে, সাধারণ জনগণ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়ক দু�র্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
কর্মসূচির উদ্বোধনকালে জি এম মিন্টু বলেন, “আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা হওয়ায় এখানে প্রতিদিন লাখো মানুষ শ্রমিককে যানবাহনে করে যাতায়াত করতে হয়। অরক্ষিত সড়ক ও অপরিকল্পিত যানবাহন ব্যবস্থার কারণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। আমাদের এই মাসব্যাপী কাউন্সিলের মাধ্যমে আমরা পরিবহন মালিক-শ্রমিক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা করব এবং নিরাপদ সড়কের দাবি জানাব।”
কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের বিভিন্ন দিনে পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক ক্যাম্পেইন এবং যানজট নিরসনে স্বেচ্ছাসেবী ট্রাফিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক (মাসুদ রানা),সহ সভাপতি শাহাদাত হোসেন সরকার সহ সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। তারা সকলেই আশুলিয়ার ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান।
আয়োজকরা আশা করছেন, এই মাসব্যাপী উদ্যোগ আশুলিয়াবাসীর মাঝে সচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
