নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির আয়োজনে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের জলেশ্বরীতলায় প্রগেস কোচিং সেন্টারে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ আয়োজন করা হয়।
নিসচা বগুড়া জেলা শাখার উপদেষ্টা রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানি শিপন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার এবং অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমেই প্রয়োজন সচেতনতা। শিক্ষার্থীরাই পারে এই সচেতনতার বার্তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে।” তারা আরও বলেন, “ট্রাফিক আইন মেনে চলা, নিয়মিত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং অসতর্কতা পরিহারই দুর্ঘটনা কমানোর মূল চাবিকাঠি।”
সমাবেশে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন মেনে চলা, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং নিরাপদ সড়ক গঠনে সবার সম্মিলিত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রাণবন্ত অংশগ্রহণে সমাবেশটি হয়ে ওঠে শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ।
