আলমগীর হোসেন,দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা পথচারী, চালক ও যাত্রীদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন।
এ সময় স্বেচ্ছাসেবকরা মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পথচারীদেরও নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হওয়া এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে সচেতন করা হয়।
নিসচা’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন করা। লিফলেট বিতরণের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
এ সময় নিসচা দাউদকান্দি শাখার স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেন।
