সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকেল ৫টায় ঢাকাস্থ নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে ববি শাখার পক্ষে কমিটির অনুমোদনপত্র গ্রহণ করেন বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এবং মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আসাদুর রহমানসহ অন্যান্যরা।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. তৌসিফ আলম খান এবং সদস্য সচিব হিসেবে শেখ মো. ইমন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে মো: হায়দার মুন্সি এবং মো: সাব্বির হোসেনসহ কার্যনির্বাহী পদে ১৭ জনকে অন্তর্ভুক্ত করে মোট ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কমিটিতে ৬ জন উপদেষ্টা রাখা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা ক্যাম্পাস ও বরিশাল নগরীতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। বিশেষ করে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এছাড়া পথচারীদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়ে সেমিনার, র্যালি ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।
এ বিষয়ে সংগঠনের মহাসচিব লিটন এরশাদ বলেন, ববি শাখার এই নতুন কমিটি তরুণদের সম্পৃক্ত করে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
