ইসমাইল হোসেন, সাভার প্রতিনিধিঃ সাভারে নিরাপদ সড়ক বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনপ্রতিনিধিদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নিসচা সাভার উপজেলা শাখা।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে নিসচা সাভার উপজেলা শাখার সড়কযোদ্ধাবৃন্দ এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সাভারের বর্তমান সড়ক পরিস্থিতি, দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সভাপতি ইসমাইল হোসেন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এককভাবে কোনো সংগঠনের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়।
নবনির্বাচিত এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।
নিসচা সাভার উপজেলা শাখা আশা প্রকাশ করেছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাভারে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা হ্রাসে কার্যকর পরিবর্তন আনা সম্ভব হবে।
