দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। এ সময় হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে খুলনায় পৌঁছান তারেক রহমান। সবশেষ ২০০৫ সালের ২৩ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে খুলনায় আসেন তারেক রহমান।
মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।
এদিন জনসভাকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে ধানের শীষ, কারও হাতে তারেক রহমানের ছবি ও কারও হাতে জাতীয় পতাকা দেখা যায়। বেলা ১১টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে সমাবেশস্থল।
এর পর বেলা ১১টায় কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
খুলনার জনসভা শেষে দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর পৌনে ২টায় নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানকার জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন।
তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।
এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন।
বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার। ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি নির্বাচনী সমাবেশ করেছেন তারেক রহমান।
