বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ভোটের উৎসবমুখর পরিবেশ ধ্বংস করে ভয়ভীতির সংস্কৃতি কায়েম করা হয়েছিল।
তিনি সতর্ক করে বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক অসভ্য ও উগ্র আচরণ দেখা যাচ্ছে, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। বিশেষ করে ধর্মকে ব্যবহার করে যদি কোনো শক্তি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তবে তা হবে আরও ভয়াবহ।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক প্রার্থীর অশোভন আচরণের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। ১২ তারিখ ভোটের মাধ্যমেই তারা এসবের জবাব দেবে।
বিগত বছরগুলোতে রাজনৈতিক নিপীড়নের সময় সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়ার ঘটনাগুলো সাংবাদিকরা প্রকাশ করায় অনেকের জীবন রক্ষা পেয়েছে। পুলিশ অস্বীকার করলেও গণমাধ্যমের ভূমিকার কারণে সত্য সামনে এসেছে।
