ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থীহয়ে ঢাকা-৮ আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। ৬০৮ ভোট পেয়ে জামানত হারানো আালোচিত এই মডেল এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হতে চান।
রোববার (১২ এপ্রিল) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দেন মেঘনা আলম।
জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে অংশ নেওয়ার পর এবার সংরক্ষিত আসনে বিএনপি এমপি হতে চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে আমি অনুপ্রাণিত হয়েছি। রাস্তায় ট্রাফিক জ্যাম এড়াতে তিনি প্রটোকল নিচ্ছেন না, ছুটির দিনেও অফিস করছেন, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করছেন।
এতে আমার মনে হয়েছে সত্যিই তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান, মানুষের সেবা করতে চান। যেহেতু আমি জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত, তাই মনে করছি বিএনপির প্লাটফর্ম থেকে আমার জন্য জনকল্যাণমুলক কাজ করা সহজ হবে।
মেঘনা আলম সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়ে বেশ আশাবাদী।
