বিএনপির ইমেজ নষ্ট করতে একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটি মোকাবেলা করে নতুন একটি বাংলাদেশ নির্মাণ করা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরও একটি গ্রুপ যেকোনো ভালো কাজকেও প্রশ্নবিদ্ধ করতে এবং নেগেটিভভাবে উপস্থাপন করে খারাপ প্রভাব সৃষ্টি করার মতো ঘটনা এখনও ঘটিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিগত সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। তারা আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া, কোনো কারণ ছাড়াই জেলে পাঠানো, কিশোর গ্যাং নামক উপদ্রব তৈরি করা, পুলিশ বাহিনীকে আওয়ামী বাহিনীতে পরিণত করা, প্রশাসন ও নির্বাহী বিভাগসহ মানুষকে তারা যেভাবে ডিভাইডেট ও বিপথগামী করেছে; এসব জায়গা থেকে তাদের সরিয়ে নতুন-নৈতিক ও সঠিক ধারায় আনাটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপট থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারব- এটা নিয়েই এখন আমাদের কাজ করতে হবে।
মেয়র আরও বলেন, আমাদের সমস্যা যে নেই তা নয়, কিন্তু সেটা সত্য ও গঠনমূলক হওয়া চাই। আমাদের বিনিয়োগ দরকার, সেটা পেট ভরার জন্য নয়। অবকাঠামোগত উন্নয়নের জন্য চট্টগ্রামে এখনও অনেক বিনিয়োগ দরকার। আমাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, জায়গাসহ নানা সমস্যা রয়েছে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এসব সমস্যা থেকে উত্তরণও আমাদের জন্য খুব জরুরি।
পিআরইউর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুখ্য আলোচক ছিলেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি।
পিআরইউর সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম সনি ও পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।
এ সময় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
