দীর্ঘ ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সে সময় লক্ষীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দেন তিনি।
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘রাস্তা-ঘাট, জলাবদ্ধতা, স্কুল-কলেজ, মাদরাসাসহ উন্নয়নের দিক থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছি গত ১৭ বছর। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা লক্ষ্মীপুরে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন গঠন করবো।’
তিনি বলেন, ‘আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, উপেক্ষিত না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি চাইলে তা সম্ভব।’
