ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এটাই সরকারের মূল ঘোষণা। কোনো প্রভুত্ব নয় বরং পারস্পরিক বন্ধুত্বের নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, অতীত সরকারের সময়ে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। সরকার চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। আমাদের প্রধানমন্ত্রী এখন সেটা বুঝছে।
দেশের জনগণই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।
মিজানুর রহমান মিনু জানান, সরকার চাইলে খাস জমিতে দলীয় কার্যালয় স্থাপন করতে পারত, তবে তারা সে পথে হাঁটবে না। নিয়ম মেনে জমি ক্রয়ের মাধ্যমেই দলীয় কার্যালয় গড়ে তোলা হবে বলে জানান তিনি।
