মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে রিভিউ করা প্রয়োজন। বর্তমানে ইতিহাস পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।
এটি শুধু একটি দলের প্রচার হিসেবে দেখানো হয়, অথচ মুক্তিযুদ্ধ ছিল সার্বজনীন জনযুদ্ধ। রাজনৈতিক দলগুলো ব্যক্তিপূজা ও স্বার্থপরতার কারণে ইতিহাসকে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যবহার করেছে।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনা এবং ন্যায্যতা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত মান ও মূল্যবোধ পৌঁছানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪-এর গুরুত্ব তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা স্মরণীয় হয়ে থাকবেন।
২০২৪-এর গণ-অভ্যুত্থানকে হালকা করে দেখানো যাবে না। স্বাধীনতাবিরোধী দলরা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে। তাই ৭১ সালের ইতিহাসকে সঠিক প্রেক্ষাপটে তুলে ধরা অত্যন্ত জরুরি।
আমাদের তরুণ প্রজন্মকে এই ইতিহাস থেকে সাহস, দেশপ্রেম এবং সংগ্রামের মানসিকতা শেখানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।
