জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কে আগে কোন দলে ছিল এটি গুরুত্বপূর্ণ নয়। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ থেকেও কেউ আসুন না কেন- আজ থেকে তিনি এনসিপির হয়ে কাজ করবেন। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি আর দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের জন্য এ দলে জায়গা নেই, থাকবেও না।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নতুন সদস্যদের এসসিপিতে অন্তর্ভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা এমন এক রাজনীতি গড়তে চাই, যেখানে দায়বদ্ধতা থাকবে, মানুষের প্রতি দরদ থাকবে। জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন সামনে রেখেই এগিয়ে যাচ্ছি। আজকে যারা এখানে এসেছে, আমরা মনে করি, তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি
আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে, এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।
এদিকে এনসিপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির প্রমুখ।
অন্যদিকে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন। শনিবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগদান করেন।
