জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় নেতাদের সহায়তায় যে কোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (১৪ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম চলমান। জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেবো না।
পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রশাসক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত নতুন যানবাহনসমূহ হস্তান্তর করেন।
জানা যায়, ধলপুর এলাকার এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এসময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণের পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
