নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর । এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এমপি আবদুল হান্নান মাসউদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন, বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
লাইভে তিনি জানান, প্রশাসন যদি ‘চিহ্নিত ডাকাতদের’ বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নেয় তবে তিনি ২ নম্বর চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করবেন।
অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও দলটির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এমপির সমর্থকরাই বিএনপির দুটি কার্যালয়ে হামলা চালিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
