English

26 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
- Advertisement -

শিবগঞ্জে ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থী জিন্নাহর

- Advertisements -

নির্বাচনি পরিবেশ নেই এবং নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও দমন-পীড়নের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শিবগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই ঘোষণা দেন।

শরিফুল ইসলাম জিন্নাহ চিঠিতে অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনি এলাকায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। তার ও সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকাছাড়া করা হয়েছে এবং সাধারণ ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে শিবগঞ্জে চরম আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী উল্লেখ করেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পেরেই আমি নির্বাচন বর্জনের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

সাবেক এই সাংসদ আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায় ও ন্যায্যতার পক্ষে এই বর্জন তার একটি রাজনৈতিক প্রতিবাদ।

চিঠির শেষাংশে তিনি সাধারণ ভোটারদের প্রতি শান্তি ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা।

ভোট বর্জনের বিষয়ে বক্তব্য জানতে মোবাইলফোনে শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/faef
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন