গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীকে উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরিভিত্তিতে তার বাসায় যেতে বলেন। পরে সেখানে গেলে ভুক্তভোগী ছাত্রী ধর্ষণের শিকার হন। এ সময় কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়। পরবর্তী সময়ে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়।
