ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে শান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারে কাজ চলছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
রাজশাহীর স্টেশন ম্যানেজার জিয়াউর রহমান বলেন, সান্তাহারে ট্রেন দুর্ঘটনার ফলে বাংলাবান্ধা ও তিতুমীর রাজশাহী স্টেশনে আসতে পারছে না। আর রাজশাহী থেকে ৩টায় ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপেক্স ট্রেন আব্দুল্লাহপুরে আটকা পড়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, সান্তাহারের দুর্ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- রেলের প্রধান পরিবহন কর্মকর্তা, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী ও চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্ঘটনার কারণ খুঁজে দ্রুত সময়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মহাব্যবস্থাপক আরও জানান, তিনি সহ পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিলিফ ট্রেন উদ্ধার অভিযান শুরু করেছে।
