বৃহস্পতিবার (২১ মে) পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
ঈদযাত্রার প্রস্তুতি পর্যবেক্ষণে প্রতিমন্ত্রী ফেরিঘাটের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যানবাহন পারাপার কার্যক্রম ঘুরে দেখেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ফেরিঘাটের পন্টুনে নিরাপত্তা বেষ্টনী উঁচু ও মজবুত করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি লঞ্চে দৃশ্যমান স্থানে ডিজিটাল ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঈদুল আজহার আগে পাঁচ দিন ও পরে পাঁচ দিন অর্থাৎ ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া রাতের বেলায় স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হবে।
সদরঘাটে যাত্রীচাপ কমাতে ঢাকার বসিলা ঘাট ও পূর্বাচলের কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে কুড়িল বিশ্বরোড থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত বিআরটিসির শাটল বাস সার্ভিস চালুর কথাও বলেন তিনি।
ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ পাবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, পশুবাহী নৌযান ঘাটে ভেড়ার ক্ষেত্রে কোনো ঘাট ইজারাদার বা সংশ্লিষ্ট ব্যক্তির টানাটানি বরদাস্ত করা হবে না। কোন ঘাটে পশু আনলোড করা হবে, তা সংশ্লিষ্ট নৌযানে দৃশ্যমান ব্যানারে উল্লেখ রাখতে হবে।
নৌপথে চলাচলকারী যাত্রীদের জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
