সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায়শই নানা রকম নতুন নতুন ডায়ালগ ট্রেন্ডিংয়ে রূপ নেয়। এবার নেটিজেনরা মেতে উঠেছেন এমনই এক নতুন সংলাপে, যা হলো—‘কী রাগ করলা’। বর্তমানে ফেসবুকের বিভিন্ন পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স কিংবা ইনবক্সের চ্যাটিং—সব জায়গাই যেন দখল করে নিয়েছে এই একটি মাত্র ডায়ালগ।
‘কী রাগ করলা’ সংলাপটি এবার জায়গা করে নিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে। বৃহস্পতিবার (২১ মে) ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একটি ছবি পোস্ট করা হয়। সেই পোস্টের শিরোনামে লেখা হয়, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তণ।’
নেইমারের ছবিতে লেখা রয়েছে, ‘কি প্রতিপক্ষ রাগ করলা!’ এই পোস্টটি বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যেই দেওয়ায় হয়েছে।
গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখান থেকে মূলত এই ডায়ালগটির প্রচলন শুরু হয়। ভিডিওটিতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নেওয়া এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের ভাগ্য গণনার কাজ করছেন। সেখানে ওই যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই গণকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করছিলেন—’রাগ করলা?’
