যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে কপাল পুড়ল রেফারির

- Advertisements -

লন্ডনে এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের তালিকা থেকে বাদ পড়েছেন ডাচ রেফারি রব ডিপারিঙ্ক। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত এই ডাচ কর্মকর্তা জানিয়েছেন যে, মেট্রোপলিটন পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে না।

নিউইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিককে ফিফা জানিয়েছে, ‘রব ডিপারিঙ্ককে ফিফা বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালদের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

Advertisements

অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও ফিফা ডিপারিঙ্কের জায়গায় ফরাসি রেফারি উইলি ডেলাজোডকে স্থলাভিষিক্ত করবে বলে জানা গেছে। তবে ডিপারিঙ্কের নিয়োগকর্তা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এই কর্মকর্তার প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। ডাচ শীর্ষ লিগ ‘ইরেডিভিজি’র নিয়মিত এই রেফারি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন।

ডাচ সংবাদপত্র ডি টেলেগ্রাফকে দেওয়া এক বিবৃতিতে রব ডিপারিঙ্ক বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, যা আমাকে অত্যন্ত দুঃখিত করেছে। আমি পুলিশি তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবির কাছেও অবিলম্বে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করেছি। অভিযোগগুলো খণ্ডন করা হয় এবং মামলাটি খারিজ করে দেওয়া হয়। কেএনভিবির কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি এবং তারা যেভাবে এই বিষয়টি সামলেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এটা দুর্ভাগ্যজনক যে ফিফা আমাকে বিশ্বকাপের জন্য মনোনীত না করার সিদ্ধান্ত নিয়েছে, স্বাভাবিকভাবেই আমি এতে হতাশ।’

ডিপারিঙ্কের পাশে দাঁড়িয়ে কেএনভিবির এক মুখপাত্র বলেন, ‘আমরা সব স্তরে একটি নিরাপদ ও সৎ ফুটবল সংস্কৃতির পক্ষে এবং অনাকাঙ্ক্ষিত আচরণের যেকোনো রিপোর্টকে আমরা সবসময় গুরুত্ব সহকারে নিই। স্পষ্টতই, আমরা মনে করি একজন ডাচ রেফারির আচরণ প্রশ্নাতীত হওয়া উচিত, তবে আমরা এটাও মনে করি যে তার নিজের বক্তব্য বলার সুযোগ পাওয়া উচিত এবং যেন তিনি মিথ্যা অভিযোগের শিকার না হন। এই নির্দিষ্ট ক্ষেত্রে, যুক্তরাজ্যের পুলিশ তদন্ত করে মামলাটি বন্ধ করে দিয়েছে। রব ডিপারিঙ্ক শুরু থেকেই পুরোপুরি সহযোগিতা করেছেন এবং কেএনভিবির কাছে সব তথ্য প্রকাশ করেছেন। বর্তমান সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে, ডাচ লিগের ম্যাচগুলোতে তাকে নিয়োগ না দেওয়ার কোনো কারণ আমরা দেখছি না।’

Advertisements

মামলা প্রমাণিত না হওয়ার পরও দিনশেষে কপাল পুড়ল রবের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ffxg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন