আর্সেনালের হোঁচট খাওয়ার সুযোগে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। এবার ইতিহাদে গানারদের আসন্ন লড়াইকে কার্যত ‘ফাইনাল’ হিসেবে দেখছে দলটি। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার মতে, আর্সেনালের বিপক্ষে ম্যাচটিই এখন শিরোপা নির্ধারণে সবচেয়ে বড় নিয়ামক হকে।
স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার রাতে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন গতি পেয়েছে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে নিকো ও’রেইলি, মার্ক গুয়েহি ও জেরেমি ডকুর গোলেই নিশ্চিত হয় দাপুটে জয়।
অন্যদিকে নিজেদের মাঠে শনিবার রাতে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্সেনাল। যে কারণে এখন এক ম্যাচ কম খেলে লিগ লিডারদের থেকে মাত্র ৬ পয়েন্ট দূরে সিটি। বাকি সাত ম্যাচ জিততে পারলে শিরোপা জয়ের সমীকরণও নিজেদের হাতে তুলে নিতে পারবে গার্দিওলার দল।
তাই আর্সেনাল ম্যাচকে ফাইনাল হিসেবে ঘোষণা দিলেন গার্দিওলা। একইসঙ্গে সতর্কও তিনি, সামনে প্রতিটি ম্যাচই কঠিন।
“আর্সেনালের বিপক্ষে ম্যাচটা এখন ফাইনাল। কিন্তু তাই বলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ সহজ হবে- এটা ভাবার সুযোগ নেই।”
আর্সেনালকেও প্রশংসায় ভাসান ম্যান সিটি বস। মিকেল আরতেতার দলকে তিনি ইউরোপের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেন।
“তারা গত ৪৯ ম্যাচে মাত্র তিনটি হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগেও অপরাজিত ছিল। এমন দলকে হারানো সবসময়ই কঠিন- আর কয়েক সপ্তাহের মধ্যে দু’বার হারানো কল্পনা করাই কঠিন।”
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর বাড়তি বিশ্রামকে ইতিবাচক হিসেবেই দেখছেন গার্দিওলা।
“এখন আমাদের হাতে সময় আছে। খেলোয়াড়রা সতেজ, অনুশীলনে সবাই জানে কী করতে হবে।
সব মিলিয়ে, সিটির জন্য সমীকরণ স্পষ্ট, আর্সেনালের জন্যও তাই। ইতিহাদের সেই ম্যাচই এখন ঠিক করে দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের চ্যাম্পিয়ন।
