English

25 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
- Advertisement -

এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি, কোনোমতে জিতলো রিয়াল মাদ্রিদ

- Advertisements -

ম্যাচটা শেষ হতে যাচ্ছিল ১-১ গোলের সমতা দিয়ে। রিয়াল মাদ্রিদ সমর্থকদের মন খারাপ। এই ম্যাচে ২ পয়েন্ট হারালে বার্সেলোনার সঙ্গে ব্যবধান তৈরি হবে তিন পয়েন্টের। খেলার ইনজুরি সময় চলছিল তখন। এমন সময়ই পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর জালে স্পট কিক নিতে আসেন কিলিয়ান এমবাপে।

ভুল করলেন না তিনি। ৯০+১০ মিনিটে নেওয়া সেই পেনাল্টিতেই রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয় ২-১ গোলের ব্যবধানে। নাটকীয় জয়ে বার্সেলোনার সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে লজ ব্লাঙ্কোজরা।

বার্নাব্যুতে ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। স্টপেজ টাইমের দশম মিনিটে বক্সের ভেতরে ভিড়ের মধ্যে নোবেল মেন্দির বেপরোয়া ক্লিয়ারেন্সে ফাউলের শিকার হন ব্রাহিম দিয়াজ। তাতেই বাঁশি বাজান রেফারি। পেনাল্টি স্পট থেকে ঠাণ্ডা মাথায় গোল করে চলতি মৌসুমে নিজের ২২তম লিগ গোলটি করেন এমবাপে।

এর আগে ম্যাচের ১৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে বিরতির পরপরই হোর্হে দে ফ্রুতোসের গোলে সমতায় ফেরে রায়ো।

ম্যাচের শেষ ভাগে দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় রায়ো ভালেকানো ৯ জনের দলে পরিণত হয়। ৮০তম মিনিটে দানি সেবায়োসকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন পাথে সিস। আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯০+১৩ মিনিট) রদ্রিগোকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেপ চাভাররিয়া।

ঘটনাবহুল এই মাদ্রিদ ডার্বিতে চোটের ধাক্কাও খায় রিয়াল। সম্ভাব্য হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয় জুদ বেলিংহ্যামকে।

এই জয়ের ফলে ২২ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৫৫। অন্যদিকে, রায়ো ভালেকানো ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭ নম্বর স্থানে রয়েছে, অবনমন অঞ্চলের ঠিক ওপরে, এক পয়েন্ট ব্যবধানে।

ম্যাচে রিয়ালের রক্ষণভাগের দুর্বলতাও আবার সামনে আসে। মাঝ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে হারের পর সেই একই সমস্যা বার্নাব্যুতেও দেখা যায়। প্রথমার্ধে ইলিয়াস আখোমাচের শট অল্পের জন্য বাইরে যায়। বিরতির আগে ও পরে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gzgf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন