টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর একদিন আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। তাঁর বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।
এর আগে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান আরেক অজি পেসার প্যাট কামিন্স। ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের কেউই থাকছেন না অস্ট্রেলিয়া দলে।
গত বছর টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় কাটিয়েছেন হ্যাজেলউড। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন ছন্দে।
অ্যাশেজ শুরুর আগে শেফিল্ড শিল্ডের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজেলউড। পরে সিরিজে ফেরার চেষ্টা করতে গিয়ে গোড়ালির সমস্যায় পড়েন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করলেও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
গত জানুয়ারিতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে হ্যাজলউড জানিয়েছিলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে সবকিছু ঠিকঠাক এগোচ্ছে।’ তবে দলের সঙ্গে কলম্বো সফর না করে সিডনিতেই পুনর্বাসন চালিয়ে গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সুপার এইট পর্বে ফেরানোর আশা থাকলেও ঝুঁকি নিতে রাজি হয়নি টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘হ্যাজলউডের ম্যাচ ফিট হতে এখনও সময় লাগবে। দ্রুত ফেরানোর চেষ্টা করলে চোট বাড়ার ঝুঁকি রয়েছে। আপাতত কোনো বদলি ঘোষণা করা হচ্ছে না। তিনি বলেন,‘শুরুর ম্যাচগুলোতে দল যথেষ্ট ভালোভাবে প্রস্তুত আছে, পরবর্তীতে বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।’
অস্ট্রেলিয়া দলের সঙ্গে রিজার্ভ থাকা শন অ্যাবট যুক্ত হতে পারেন হ্যাজেলউডের বদলি হিসেবে। বিশ্বকাপের আগে আরও কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে দুশ্চিন্তায় ছিল অস্ট্রেলিয়া। গ্রোইনের সমস্যায় ভোগা অ্যাডাম জাম্পা আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিং চোটে থাকা নাথান এলিস ও টিম ডেভিডও গ্রুপ পর্বের জন্য প্রস্তুত হওয়ার পথে।
আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০২১ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া।
