২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমা। তবে মধ্যপাচ্যের সংঘাতের কারণে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার ম্যাচটির ভেন্যুতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় উয়েফা ও কনমেবল। কিন্তু নতুন ভেন্যু নিয়ে সন্তুষ্ট ছিল না আলবিসেলেস্তেরা। এতে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ফিনালিসিমা।
উয়েফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৬ সালের ফাইনালিসিমা আর হচ্ছে না। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচটি ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। তবে অঞ্চলটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, কাতারে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, শিগগিরই ওই অঞ্চলে শান্তি ফিরবে।
ম্যাচটি আয়োজনের জন্য কয়েকটি বিকল্প প্রস্তাবি দিয়েছিল উয়েফা। প্রথমে ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সমান সংখ্যক সমর্থক বণ্টনের মাধ্যমে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। পরে দুই লেগে আয়োজনের ধারণাও দেওয়া হয়েছিল। যার একটি ম্যাচটি মাদ্রিদে, আরেকটি বুয়েনস আয়ার্সে। আবার নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচটি আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু কোনো প্রস্তাবই আর্জেন্টিনা গ্রহণ করেনি বলে জানিয়েছে উয়েফা।
