টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের হারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এক ভিডিও রিল। রিলটি করেন সামাজিক মাধ্যমে ভারতের পরিচিত মুখ আরজে প্রিন্সি পারিখ, যেখানে তাকে দেখা যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের সঙ্গে।
আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে ৩৫ বলে ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন মিলার। তার ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে লক্ষ্য থেকে ৭৬ রান দূরে থামে ভারত ক্রিকেট দল।
ম্যাচের পর পারিখ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে ছিল—`ডেভিড মিলার! কী অসাধারণ খেলোয়াড়।‘ ভিডিওর ভেতরে লেখা ছিল—`আমি ভেবেছিলাম আমরা বন্ধু, ডেভিড।‘ সেখানে তাকে মিলারকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে রিল প্রকাশের পর তিনি `ধর্ষণের হুমকি‘ ও শারীরিক অবয়ব নিয়ে কটূক্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিলটি মুছে ফেলতে বাধ্য হন, যদিও ভিডিওটি এখনো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে। হুমকির ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
