বিশ্ব অ্যাথলেটিক্স ১১ জন শীর্ষস্থানীয় ক্রীড়াবিদের তুরস্কের নাগরিকত্ব পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, তুরস্ক সরকার আকর্ষণীয় চুক্তির মাধ্যমে বিদেশী ক্রীড়াবিদদের আকৃষ্ট করার জন্য একটি “সমন্বিত নিয়োগ কৌশল” গ্রহণ করেছে।
এই ১১ জন ক্রীড়াবিদের মধ্যে ছিলেন পাঁচজন কেনীয় নাগরিক ছিলন। এদের মধ্যে রয়েছেন মহিলাদের ম্যারাথনে সাবেক বিশ্ব রেকর্ডধারী ব্রিজিড কোসগেই—চারজন জ্যামাইকান, একজন নাইজেরীয় এবং একজন রুশ।
এই দলে আরও ছিলেন রোজে স্টোনা, যিনি ২০২৪ সালে জ্যামাইকার হয়ে অলিম্পিকে পুরুষদের ডিসকাস থ্রো-তে স্বর্ণপদক জিতেছিলেন। অলিম্পিক শট পুট ব্রোঞ্জ পদক বিজয়ী রাজিন্দ্র ক্যাম্পবেল।
অন্য দুটি আবেদন ছিল নাইজেরীয় স্প্রিন্টার ফেভার ওফিলি এবং রুশ হেপ্টাথলিট সোফিয়া ইয়াকুশিনার। অন্য ক্রীড়াবিদরা হলেন, কেনিয়ার ক্যাথরিন রিলিন আমানাঙ্গোলে, ব্রায়ান কিবোর, রোনাল্ড কোয়েমোই এবং নেলভিন জেপকেম্বোই, জ্যামাইকার রাজিন্দ্র ক্যাম্পবেল, জেয়ডন হিবার্ট এবং ওয়েন পিনক এবং নাইজেরিয়ার ফেভার ওফিলি ও রাশিয়ার সোফিয়া ইয়াকুশিনা।
প্যারিসে অনুষ্ঠিত ২০২৪ সালের গেমসে তুরস্ক তার আটটি পদকের মধ্যে কোনো স্বর্ণপদক জিততে পারেনি। বিশ্ব অ্যাথলেটিক্সের ন্যাশনালিটি রিভিউ প্যানেল বলছে, ক্রীড়াবিদদের নাগরিকত্ব পরিবর্তনের অনুমতি দিলে অ্যাথলেটিক্সের যোগ্যতা নির্ধারণী নিয়ম এবং আনুগত্য পরিবর্তনের বিধিমালা লঙ্ঘন হবে।
এতে বলা হয়েছে যে, সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ও অর্থায়নে পরিচালিত একটি ক্লাবের মাধ্যমে করা আবেদনগুলো ছিল আনুগত্যের হস্তান্তর সহজতর করা এবং ওই ক্রীড়াবিদদের লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসসহ ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তুরস্কের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যের অংশ।
রিভিউ প্যানেল বলছে, আবেদনগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে প্যানেল সেগুলোকে একত্রে মূল্যায়ন করেছে এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই ধরনের পদ্ধতি প্রবিধানের মূল নীতিগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এই সিদ্ধান্তের ফলে ক্রীড়াবিদরা জাতীয় প্রতিনিধিত্বমূলক প্রতিযোগিতা বা অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক ইভেন্টে তুরস্কের প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য নন।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের আনুগত্য পরিবর্তন সংক্রান্ত নিয়মাবলীতে এমন কিছু মানদণ্ড রয়েছে, যা ক্রীড়াবিদ এবং তার প্রতিনিধিত্বকারী দেশের মধ্যে একটি প্রকৃত সংযোগ নিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী এই খেলার অখণ্ডতা, বিশ্বাসযোগ্যতা ও উন্নয়ন রক্ষা করার লক্ষ্যে কাজ করে।
২০১৯ সালে এই নিয়মগুলো আরও কঠোর করা হয়েছিল এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের প্রধান সেবাস্তিয়ান কো বলেছিলেন, তরুণ ক্রীড়াবিদদের আনুগত্য পরিবর্তনের কিছু ঘটনা মানবপাচারের সমতুল্য।
২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে তুরস্কের দলে কেনিয়ার সাতজন, জ্যামাইকার দুজন, একজন ইথিওপিয়ান, একজন কিউবান, একজন ইউক্রেনীয়, একজন দক্ষিণ আফ্রিকান এবং একজন আজারবাইজানি ক্রীড়াবিদ ছিলেন।আজারবাইজানের পক্ষ ত্যাগ করে তুরস্কের প্রতিনিধিত্ব করার পর রামিল গুলিয়েভ ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন।
কাতার বিদেশি ক্রীড়াবিদদের আকৃষ্ট করতে আর্থিক প্রণোদনাও ব্যবহার করেছে। মিশরীয় বংশোদ্ভূত ভারোত্তোলক ফারেস ইব্রাহিম হাসুনা, যিনি ২০২১ সালে টোকিওতে কাতারের সর্বপ্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন।
উইনফ্রেড ইয়াভি ১৫ বছর বয়সে কেনিয়ার পক্ষ ত্যাগ করে বাহরাইনের হয়ে খেলেন এবং পরবর্তীতে ৩,০০০ মিটার স্টিপলচেজে অলিম্পিক ও বিশ্ব স্বর্ণপদক জয় করেন। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স জানিয়েছে, আনুগত্য স্থানান্তরের অনুরোধ মঞ্জুর করতে অস্বীকৃতি জানালেও, এই ১১ জন ক্রীড়াবিদ ব্যক্তিগত বা ক্লাব পর্যায়ে একদিনের প্রতিযোগিতা বা রোড রেসে অংশগ্রহণ করতে কিংবা তুরস্কে বসবাস ও প্রশিক্ষণ নিতে পারবেন।
