আর্থিক সংকটের কারণে ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিটের টাকা খরচ করে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সম্প্রতি এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেটাঙ্গনে। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়। তবে ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলার অভিযোগ উড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এফডিআর ভেঙ্গে খরচ চালানোর গুঞ্জনের সূত্রপাত মূলত সাবেক বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার একটি মন্তব্য থেকে। সম্প্রতি এই ক্রীড়া সংগঠক গণমাধ্যমকে জানান, বিসিবির বর্তমান বোর্ড তেমন আয় করতে পারছে না। তাই এফডিআর ভেঙ্গে তারা খরচ চালাচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এফডিআর ভেঙ্গে টাকা তোলার অভিযোগ অস্বীকার করে বিসিবি জানায়, ‘বিসিবি সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত খবরে দৃষ্টি দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে খরচ পরিচালনার জন্য বর্তমানে এফডিআরের অর্থ ব্যবহৃত হচ্ছে। বিসিবি এই দাবি স্পষ্টভাবে খণ্ডন করছে। এমন খবর ভিত্তিহীন।’
বিবৃতিতে বিসিবি আরও জানায়, সব ধরনের খরচ বোর্ডের নিয়মে স্বচ্ছ প্রক্রিয়াতেই হচ্ছে, ‘বিসিবি তাদের যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে আসছে। বোর্ডের নিয়মিত আয়ের উৎস যেমন— বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব ব্যয় মেটানো হয়।’
এছাড়া সংবাদ প্রচারের আগে গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ করে বিসিবি জানায়, ‘বিদ্যমান সম্পদ দিয়েই সব ধরনের আর্থিক বিষয় দেখভাল করার সক্ষমতা বিসিবির আছে। তাই কোনো খবর বা তথ্য প্রচারের আগে সত্যতা যাচাইয়ের অনুরোধ করছে বিসিবি।’
