ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। ম্যাচের ৬০তম মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ সালাহকে। মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, এই ইনজুরির কারণে লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ মৌসুমের বাকি অংশ মিস করবেন।
হাসান রয়টার্সকে বলেন, সালাহর হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে এবং সুস্থ হতে অন্তত চার সপ্তাহ লাগবে। লিভারপুল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও হাসান স্পষ্ট করে দিয়েছেন, অল রেডদের হয়ে সালাহর শেষ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন। মাঠ ছাড়ার সময় সমর্থকদের উদ্দেশে হাততালি দিয়ে বিদায় নেন এই ফরোয়ার্ড।
লিভারপুলের ম্যানেজার আর্নে ফ্রুট বিবিসিকে বলেন, ‘আরেকটি জয়, আরেকটি ইনজুরি। এটাই আমাদের এই মৌসুমের গল্প।’ তিনি আরও বলেন, ‘এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হবে, তবে আমরা সবাই সালাহকে চিনি এবং মাঠ ছেড়ে যাওয়া তার জন্য কতটা কঠিন তা জানি। মো-র (সালাহ) মাঠ ছেড়ে যাওয়া থেকেই বোঝা যায় কিছু একটা হয়েছে, তবে আমাদের অপেক্ষা করতে হবে।’
চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা আগে দিয়ে রেখেছিলেন সালাহ। ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। ৯টি ট্রফি জয়ের গৌরবময় অধ্যায় শেষে গোল দিয়ে নয়, বরং ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েই বিদায় নেবেন তিনি। সালাহর ইনজুরি নিয়ে অবশ্য বেশি দুশ্চিন্তায় নেই মিশর শিবির।
ইব্রাহিম হাসান জানিয়েছেন, আগামী জুনে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে সালাহ সম্পূর্ণ ফিট থাকবেন। গ্রুপ ‘জি’-তে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। এর আগে ২০১৮ বিশ্বকাপেও চোটের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল সালাহ ও তার দেশ মিশরকে।
