সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জনের মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গার জানিয়েছেন, তার ভবিষ্যৎ এখনো বার্সেলোনাকেই ঘিরে।
ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে রাফিনিয়া বলেন, ‘আমি নিজেকে আরো অনেক বছর বার্সেলোনায় দেখছি। আমার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ক্লাব যদি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চায়, আমি প্রস্তুত।’
এই বক্তব্যের মাধ্যমে বার্সেলোনার প্রকল্পের প্রতি নিজের অঙ্গীকারও স্পষ্ট করেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে শিরোপা জয়ের লড়াই চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এই তারকা।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে করেছেন ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট। তার বর্তমান বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো।
এর আগে গুঞ্জন উঠেছিল, মধ্যপ্রাচ্যের কয়েকটি ক্লাব বড় অঙ্কের প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে। তবে আপাতত সেই সম্ভাবনায় পানি ঢেলে দিলেন রাফিনিয়া নিজেই।
