মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া পাঁচটি ট্রান্সফরমার ও বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে আধাঘণ্টা পর্যন্ত আকস্মিক কালবৈশাখি ও বজ্র ঝড়ের তাণ্ডবে এই ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও কালবৈশাখি ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ এলাকায় তিনটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য আরো কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী ঝড়ে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়।
ফলে দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন।
