জহিরুল ইসলাম মিশু,সিলেট: সিলেটে আগামী (১১ এপ্রিল )শনিবার শুরু হচ্ছে এস এমই মেলা ও কৃষক বাজার। বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকাল ৯টায় নগরীর টিলাগড় পয়েন্টে কৃষক বাজারের ও বিকাল ৩টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে সাপ্তাহব্যাপী এস এমই মেলার উদ্বোধন করবেন।এ উপলক্ষে আজ বুধবার ( ৮ এপ্রিল ) জেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:সারওয়ার আলম এসময় তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার এবং বিক্রয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ আয়োজনের অংশ হিসেবে পর্যাপ্ত স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এসময় মেলার বিভিন্ন ম্টলে কৃষকদের প্রদর্শিত পণ্য বিক্রি না হলে সেটার ন্যায্য মূল্য আয়োজক কর্তৃক পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। মেলায় আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।
আয়োজকরা জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দায়িত্ব প্রদান করা হয়েছে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে ন্যায্য মুল্যে কৃষকরা যাতে তাদের উৎপাদিত শাক সবজি সহ সকল পন্য বিক্রি করতে পারেন ও গ্রহকরা ভেজালমুক্ত পন্য সরাসরি কৃষকদের কাছ থেকে কিনতে পারেন সে লক্ষেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিলাগড় পয়েন্টে কৃষক বাজারের কার্যক্রম চলবে।এই বাজারের প্রান্তিক লেভেলের কৃষকরা তাদের পন্য বিক্রি করবেন।পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্হানে এই কৃষক বাজারের কার্যক্রম চালু করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
