সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা দেশের অন্যতম সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মনোহরদী উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
আজ নিসচার প্রধান কার্যালয়ে মনোহরদী উপজেলা শাখার অনুমোদনপত্র মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান সাগর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম শেখের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব লিটন এরশাদ ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান মানিক এবং কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুমোদনপত্র হস্তান্তর অনুষ্ঠানে মহাসচিব লিটন এরশাদ বলেন, নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর করতে হবে। স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে উপজেলা কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুর রহমান বলেন, মনোহরদী উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
এসময় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও ফলপ্রসূ করার আহ্বান জানান। তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কেবল সরকারের একার দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে নিসচার প্রতিটি শাখাকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনোহরদী উপজেলা শাখার নবনিযুক্ত নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
